
গাইবান্ধা সদর উপজেলার স্টেশন বাদিয়াখালী (নুরুলগঞ্জ হাট) থেকে রূপালী ব্যাংক পিএলসির শাখা অন্যত্র স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসুচি পালিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাদিয়াখালী ইউনিয়নের নুরুলগঞ্জ হাট এলাকায় গাইবান্ধা সরকারি কলেজের সাবেক ভিপি ও চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আব্দুল খালেকের আহবানে ও এলাকাবাসীর উদ্দ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য রাখেন, কাজী আব্দুল খালেক, মো: শাহিন মিয়া, ইকবাল হাসান, হাবিবুর রহমান, মতিউর রহমান, দিদারুল ইসলাম, লিখন মাহমুদ, সাইফুল ইসলাম, ফিরোজ সরদার, প্রিন্স মিয়া, শহিদুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, স্টেশন বাদিয়াখালী ((নুরুলগঞ্জ হাট) ও আশপাশের এলাকার ব্যবসায়ী, কৃষক এবং সাধারণ গ্রাহকদের আর্থিক লেনদেনের জন্য দীর্ঘদিন থেকে একমাত্র ব্যাংক হিসাবে রুপালী ব্যাংকের শাখাটি রয়েছে।
এলাকার মানুষের আর্থিক লেনদেনের জন্য ব্যাংক শাখাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। এটি অন্যত্র সরিয়ে নেওয়া হলে স্থানীয়দের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি ব্যাংকিং সেবা পেতে ভোগান্তি পোহাতে হতে পারে। তারা জনস্বার্থ বিবেচনায় শাখাটি স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করে বর্তমান স্থানেই ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
উল্লেখ, গেল কয়েকদিন থেকে শাখাটি স্থানান্তরের উদ্যোগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসুচি পালন করে আসছে এলাকাবাসী।







