পশ্চিমবঙ্গের রেজিনগরে ভোটগ্রহণের মধ্যেই উত্তেজনা ছড়িয়েছে। ভোটকেন্দ্রে পুলিশ হস্তক্ষেপ করছে এবং দলীয় কর্মী-সমর্থকদের হয়রানি করা হচ্ছে-এমন অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই বাবরি মসজিদের মূল উদ্যোক্তা এবং আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট চলার সময় এ ঘটনা ঘটে। হুমায়ুন কবিরের ছেলে গুলাম নবী আজাদ এই আসনে এজেইউপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সকালে রেজিনগরে দলের কার্যালয়ে যান হুমায়ুন কবির। সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়।পরে তিনি ভোটকেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে বাধা দেয়। পুলিশের বক্তব্য ছিল, তিনি ওই আসনের প্রার্থী বা নির্বাচনী এজেন্ট নন।তাই ভোটকেন্দ্রের কাছে যাওয়ার অনুমতি তার নেই।
এরপর পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন হুমায়ুন কবির। তার দাবি, পুলিশ তার দলের কর্মী, বুথ এজেন্ট ও ভোটারদের ভয় দেখাচ্ছে এবং ভোটপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। ভোটের সময় সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, পুলিশ ভোটারদের ভোটার স্লিপ ও পরিচয়পত্র কেড়ে নিচ্ছে এবং ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে।
একপর্যায়ে পুলিশের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আটকের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মুর্শিদাবাদ পুলিশ জেলার বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা আনন্দজিৎ হোর হুমায়ুন কবিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে হুমায়ুন কবির ও তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে একাধিক মামলা করে পুলিশ। এসব মামলার পর তিনি জানিয়েছিলেন, সরাসরি মাঠে প্রচারে না গিয়ে বাড়ি থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাবেন। তার ছেলে গুলাম নবী আজাদও প্রচার থেকে দূরে থাকার ঘোষণা দিয়েছিলেন।
ভোটের আগে থেকেই রেজিনগরে পুলিশি তৎপরতা নিয়ে অভিযোগ তুলে আসছিলেন হুমায়ুন কবির। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এর আগে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন এবং গ্রেপ্তারের আশঙ্কার কথাও জানিয়েছিলেন। তার দলের কয়েকজন নেতাকেও এর আগে গ্রেপ্তার করা হয়।
এদিকে মঙ্গলবার পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম-দুটি বিধানসভা আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। রেজিনগরে হুমায়ুন কবিরের ছেলে গুলাম নবী আজাদসহ একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পরিস্থিতিতে ভোটের দিন দলীয় প্রধানের গ্রেপ্তারের ঘটনায় রেজিনগরের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া








