বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রক্তপাত ছাড়া শান্তিতে থাকতে পারে না। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্তের নেশা আরও বেড়েছে, আরও ভয়াবহ হয়েছে।
তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি লড়াই করেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং এখন তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান সেই লক্ষ্য নিয়েই দেশ পরিচালনা করছেন। যাতে এই দেশে আর কোনো মায়ের কোল খালি না হয়, কোনো স্ত্রী স্বামীহারা না হয়, কোনো বোন ভাইহারা না হয়, সেদিকে খেয়াল রেখেই তিনি কাজ করছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের কালিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত বিএনপি নেতা শাহীন ও সোহেলের কবর জিয়ারত শেষে তাদের পরিবারের সঙ্গে দেখা করেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন নড়াইলের দায়িত্বে থাকা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে গত বুধবার সন্ধ্যায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল মিছিল বের করেন। মিছিলটি বেন্দারচর এলাকায় পৌঁছালে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এতে কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা ও কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা নিহত হন।
এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে।








