কৃষকের পাকা ধানে যেন মই পড়েছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অকাল বৃষ্টিতে যশোরের অভয়নগর উপজেলায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন ধান, শীতকালীন সবজি, সরিষা ও বীজতলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। কোথাও কাটা ধান পানিতে ভাসছে, কোথাও জলাবদ্ধতায় তলিয়ে গেছে সবজির খেত ও বীজতলা। একই সঙ্গে উপজেলার বিভিন্ন ইটভাটার কাঁচা ইটও বৃষ্টিতে নষ্ট হয়েছে।
উপজেলার প্রেমবাগ, বাগুটিয়া, সুন্দলী ও পায়রা ইউনিয়নের বিভিন্ন এলাকায় শীতকালীন সবজি চাষের জন্য তৈরি করা বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সদ্য রোপণ করা শাকসবজির খেতেও পানি জমেছে। অন্যদিকে প্রেমবাগ, চেঙ্গুটিয়া ও সারখোলাসহ বিভিন্ন এলাকায় কেটে রাখা ধান পানিতে ডুবে থাকতে দেখা গেছে। জমি থেকে ধান কেটে বাড়িতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকেরা। কিন্তু বৃষ্টির পানিতে সেই ধানই এখন ভাসছে।
কৃষকদের আশঙ্কা, সরিষা, কুমড়া, পেঁপে ও অন্যান্য সবজির খেতে দীর্ঘ সময় পানি জমে থাকলে গাছের গোড়ায় পচন ধরে ফসল নষ্ট হবে। বিশেষ করে বীজতলা নষ্ট হলে নতুন করে বীজ বপন করতে হবে। এতে একদিকে বাড়বে উৎপাদন খরচ, অন্যদিকে ফসল ঘরে তুলতে দেরি হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলার বন গ্রামের কৃষক মিজান জানান, তিনি তিন বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছিলেন। এর মধ্যে এক বিঘা জমির ধান কেটেছিলেন। কিন্তু বৃষ্টির কারণে বাড়িতে নিতে পারেননি। কাটা ধান এখন পানিতে ভাসছে।
বাহিরঘাট গ্রামের জামাল বলেন, তাঁদের এলাকায় ব্যাপক পরিমাণে সবজির চাষ হয়। অকাল বৃষ্টিতে খেতে পানি জমেছে। আইল কেটে পানি বের করার চেষ্টা করছেন। কারণ, গাছের গোড়ায় পানি জমে থাকলে গাছ মরে যাওয়ার আশঙ্কা রয়েছে।
প্রেমবাগের কৃষক ইয়াসিন বলেন, এক বিঘা জমিতে শীতকালীন ডাঁটাশাক, লালশাক ও পালংশাক লাগিয়েছিলেন। জমিটি নিচু হওয়ায় সেখানে পানি জমেছে। এতে লাভের পরিবর্তে এখন লোকসানের আশঙ্কা করছেন তিনি।
জিয়াডাঙ্গা গ্রামের কৃষক আব্দুল মতিন জানান, তাঁর সরিষার খেতে পানি জমেছে। এতে সরিষার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, উপজেলায় ৭৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। এর মধ্যে ৪০৫ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। ৪১০ হেক্টর সবজি আবাদি জমির মধ্যে ১০ হেক্টর, পাঁচ হেক্টর পেঁয়াজের মধ্যে দুই হেক্টর এবং অন্যান্য ফসলের পাঁচ হেক্টরের মধ্যে এক হেক্টর জমি আক্রান্ত হয়েছে।
তিনি জানান, মোট ১ হাজার ১৭০ হেক্টর আবাদি জমির মধ্যে ৪১৮ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। তবে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
কৃষি কর্মকর্তা আরও জানান, উপজেলায় মরিচ চাষের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ১০০ হেক্টর। এর মধ্যে অর্জিত হয়েছে ৭৫০ হেক্টর। সবজির লক্ষ্যমাত্রা ৬৯০ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে ৪১০ হেক্টর। এ ছাড়া ২২ হেক্টর পেঁয়াজের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে পাঁচ হেক্টর। মসুর ডালের লক্ষ্যমাত্রা ১০ হেক্টর।
এদিকে বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইটভাটার কাঁচা ইটেরও ব্যাপক ক্ষতি হয়েছে। চেঙ্গুটিয়ার মুন ব্রিকস, প্রেমবাগের এসএ ব্রিকস, ১ নম্বর ওয়ার্ডের হীরক ব্রিকস এবং রুপা ব্রিকসসহ বিভিন্ন ইটভাটায় কাঁচা ইট নষ্ট হয়েছে বলে জানা গেছে। এতে কৃষির পাশাপাশি ইটভাটা সংশ্লিষ্টরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।








