বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। যেখানে কেওড়া-গরান-গোলপাতার গহিন অরণ্যে বাঘের গর্জন আর হরিণের ছুটোছুটি। সেই শান্ত অরণ্যের বুকেই ডাকাতির জন্য গোপনে মজুত করা হচ্ছিল বিপুল অস্ত্র আর গোলাবারুদ। তবে শেষ পর্যন্ত সেই ছক ভেস্তে দিল বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহিনে বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে এই অভিযানে নামেন।
অভিযানে বনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় ১০টি একনলা বন্দুক, ২টি এয়ারগান, ২টি দেশীয় ওয়ান শুটার গান, ৪টি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২টি এয়ারগানের গুলি এবং ২টি ওয়াকিটকি সেট।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় তথ্য আসে, একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে বনের মধ্যে অস্ত্র মজুত করেছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি বলেন, অস্ত্র মজুতকারী ডাকাত দলকে শনাক্ত এবং জড়িতদের আটকের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সুন্দরবনে টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের নির্দেশনা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে কোস্ট গার্ড।








