সিরাজগঞ্জের রায়গঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চার শতাধিক রোগী চিকিৎসাসেবা পেয়েছেন। ক্যাম্পে মাত্র ৭০০ টাকায় ছানি অপারেশনের সুযোগ রাখা হয়। পাশাপাশি হতদরিদ্র ও সরকারি ভাতাভোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা আলিম মাদ্রাসা মাঠে মোহামেডান ক্লাবের সেক্রেটারি মো. মোক্তাদির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এবং সিরাজগঞ্জ প্রফেসর এম. এ. মতিন চক্ষু হাসপাতালের পরিচালনায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মো. মোক্তাদির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ডা. সুমনা লায়লার নেতৃত্বে ১১ সদস্যের একটি মেডিকেল টিম চার শতাধিক রোগীর বিনামূল্যে চোখ পরীক্ষা, রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদান করে। পাশাপাশি কৃত্রিম লেন্স স্থাপন, চোখের নালির অপারেশনসহ অন্যান্য অস্ত্রোপচারে অর্ধেক খরচে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ দেওয়া হয়।
মো. মোক্তাদির হোসেন বলেন, “অর্থের অভাবে কেউ যেন চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।”
ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।#








