মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার ১৮ নভেম্বর দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
হাসপাতালের ওয়ার্ডগুলোতে চিকিৎসাসেবার সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পান খেয়ে পিক ফেলার কারণে পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। পাশাপাশি চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং হাসপাতালকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করেছে।
এ বিষয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) ডা. প্রণয় কান্তি দাস বলেন, “দীর্ঘদিন ধরে হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে আসছি। এ বিষয়ে গত এক সপ্তাহ ধরে মাইকিংয়ের মাধ্যমে সবাইকে পান-জর্দা ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন করা হচ্ছে। কিন্তু হাসপাতালের বিভিন্ন স্থানে পান খেয়ে পিক ফেলার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। হাসপাতালের সৌন্দর্য ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে আমাদের এ ধরনের কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে।”
হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, রোগীদের সুস্থতা ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। এ জন্য শুধু কর্তৃপক্ষের অভিযান নয়, রোগী ও তাঁদের স্বজনদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।








